রাজধানীর পৃথক ঘটনায় তিন নারীসহ পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন—নুরজাহান শম্পা (২০), রোকসানা আক্তার (২৮), আসমা-উল-হুসনা মুন (২০), শওকত হোসেন (২২) ও উজ্জ্বল হোসেন (৩০)। সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠিয়েছে।
পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, বৃহস্পতিবার দিনগত রাতে পল্লবীর সেকশন-১২, রোড-২০/এ, ডি-ব্লকের ২৪ নম্বর বাড়ির নিচতলা থেকে নুরজাহান নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মৃতের স্বামী সাব্বির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সাব্বির একজন কসমেটিক ব্যবসায়ী। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।
মৃত নুরজাহানের বড় ভাই নুরুজ্জামান সজিব জানান, গত দুই বছর আগে সাব্বিরের সঙ্গে তার বোনের বিয়ে হয়। এরপর থেকে সাব্বির ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছিল। ঐ টাকা না দেয়ায় তাদের মধ্যে ঝগড়া এবং এনিয়ে নুরজাহানকে মারধর করা হতো। সাব্বির নুরজাহানকে শ্বাসরোধে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।
শুক্রবার সকালে খিলগাঁও পশ্চিম নন্দীপাড়া পানির পাম্পের কাছে একটি বাড়িতে বিদ্যুত্স্পৃষ্টে রোকসানা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
তার স্বামী জিল্লুর রহমান জানান, সকালে বাড়ির সামনে একটি বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বিদ্যুত্স্পৃষ্টে গুরুতর আহত হন রোকসানা। তাকে ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান জানান, শুক্রবার বিকালে মিরপুর-১ নম্বর জনতা হাউজিংয়ের ২৮/৩০ নম্বর বাড়ি থেকে গৃহবধূ মুনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।
সকালে কামরাঙ্গীরচর মাতব্বর বাজার এলাকায় আনোয়ার হাজির নির্মাণাধীন বাড়ির পঞ্চম তলায় বিদ্যুত্স্পৃষ্ট হন টাইলস মিস্ত্রী শওকত। তাকে ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর।
এ দিকে, সকালে পুরানা পল্টন কালভার্ড রোডের ফাহিম এন্টারপ্রাইজ নামক দোকান কর্মচারী উজ্জ্বল হোসেন বিদ্যুত্স্পৃষ্টে মারা যান।
দোকান মালিক ফজলুল হক জানান, জীবন পানির ডিষ্ট্রিবিউটর অফিস এটি। সকালে উজ্জ্বল দোকান পরিষ্কার করতে গেলে মূল মিটারের সঙ্গে বিদ্যুত্স্পৃষ্টে আহত হন। তাকে ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী। তিনি মতিঝিলের আরামবাগে থাকতেন।