জেলার কেন্দুয়া উপজেলার দ্বিপাড়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্র ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন। তিনি ওই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
শুক্রবার বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের দ্বিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ (১৮) ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে দ্বিপাড়া গ্রামের আব্দুল গাফফার একই গ্রামের আবু সিদ্দিকের ছেলে রতন মিয়ার কাছে পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে বাক্বিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে আব্দুল গাফফারের ভাতিজা কলেজ ছাত্র আব্দুল মজিদ পরিস্থিতি নিয়নন্ত্রণে এগিয়ে যান। এ সময় আব্দুল মজিদের মাথায় প্রতিপক্ষের রতন মিয়া ধারালো দা দিয়ে আঘাত করে। গুরুতর আহত মজিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নেত্রকোনার সহকারী পুলিশ সুপার মুজিবুর রহমান মজুমদার ও কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে এখনো কোনো মামলা হয়নি।