টানা দ্বিতীয় দিনের মতো ব্যাট হাতে ব্যর্থ অস্ট্রেলিয়া। ফলে ট্রেন্টব্রিজে চতুর্থ অ্যাশেজ টেস্টের দ্বিতীয় দিনেই অনেকটা নিশ্চিত হয়ে গেছে সফরকারিদের হার।
শুক্রবার চা বিরতির আগেই দ্বিতীয় ইনিংসের প্রথম চারটি উইকেট হারিয়ে ফেলে মাইকেল ক্লার্কের দল। বাকি ছয় উইকেট এবং প্রায় সাড়ে তিন দিন হাতে নিয়ে তারা ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে তখনো পিছিয়ে ১৯৩ রানে। চা বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ চার উইকেট ১৩৮। শেষ খবর পাওয়া পর্যন্ত অ্যাডাম ভোজেসকে সঙ্গে নিয়ে খেলছিলেন অধিনায়ক ক্লার্ক।
ক্রিস রজার্স এবং ডেভিড ওয়ার্নারের দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাড়ানোর ইঙ্গিত দেয় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে তারা তুলে ফেলেন ১১৩ রান। তবে তৃতীয় স্লিপে জো রুটের দুর্দান্ত এক ক্যাচে পরিনত হয়ে বেন স্টোকসের বলে রজার্স বিদায় নিলে পতনের শুরু হয় অস্ট্রেলিয়ার। পরের মাত্র পাঁচ ওভারে তারা হারায় ডেভিড ওয়ার্নার, শন মার্শ এবং দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান স্টিফেন স্মিথকেও।
এর আগে মিচেল স্টার্কের দারুন বোলিংয়ে দিনের শুরু থেকেই ইংল্যান্ডকে চাপে রাখে অস্ট্রেলিয়া। যদিও সেটা ইংল্যান্ডের জন্য বড় কোন সমস্যা হয়ে দাড়ায়নি অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে মাত্র ৬০ রানে অলআউট করে দেয়ায়। শেষ পর্যন্ত নয় উইকেটে ৩৯১ রানে ইনিংস ঘোষনা করে কুকের দল। স্টার্ক নেন ছয় উইকেট, সর্বোচ্চ ১৩০ রান আসে রুটের ব্যাট থেকে।