মুন্সীগঞ্জে বাস খাদে, ২ জনের মৃত্যু

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কে গতকাল একটি বাস পুকুরে পড়ে দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।

 
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টায় শ্রীনগর উপজেলায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। প্রায় ৪ ঘণ্টা পর বিকাল সোয়া ৪টায় বাসটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অপর একজন শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। এরা দুইজনই পুরুষ। তবে তাদের পরিচয় জানা যায়নি। আরাম পরিবহনের বাসটি ঢাকা থেকে দোহার যাচ্ছিল। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে দেরি হওয়ার প্রতিবাদে মহাসড়কে স্থানীয় লোকজন বেলা ১টার দিকে বিক্ষোভ করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় । তবে জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপে বিকাল ৫টার পর যানচলা স্বাভাবিক হয়।
 

জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, তাত্ক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার তত্পরতা চালায়। পরে যোগ দেয় ফায়ার সার্ভিস। স্থানীয় এমপি সুকুমার রঞ্জন ঘোষ, জেলা প্রশাসক উদ্ধার কাজের তদারকি করেন। এদিকে সকালে একই মহাসড়ক ও উপজেলার সমষপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক (২৫) নিহত ও অন্তত পাঁচজন আহত হন। হাসাড়া ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. হাসান জানান, ‘মাওয়াগামী আপন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের বিলে পড়ে যায়। এতে আহত অজ্ঞাতপরিচয় একজন চিকিত্সাধীন অবস্থায় ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান’। এর কিছু পরে লৌহজংয়ের শিমুলিয়া ১ নং ঘাটে পিকাপ ভ্যান ও ট্রাকের মাঝে চাপা পড়ে জিয়াউর রহমান (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী মারা যান। মাওয়া ফাঁড়ির ইনচার্জ এসআই ইউনুছ আলী জানান, বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। জিয়াউর চাঁপাইনবাবগঞ্জের মণ্ডলপাড়া অনুপমনগরের রফিকুল ইসলামের পুত্র।