স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমান সরকার প্রতিটি অঞ্চলে স্বাস্থসেবা প্রদানের ব্যবস্থা করেছেন। বিগত সরকারের আমলে জনগণের স্বাস্থ্য সেবা তো দূরের কথা বিনাচিকিত্সায় মৃত্যুবরণ করতে হয়েছে। কোন মানুষ যাতে বিনা চিকিত্সায় মারা না যায় তা নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তাই নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালনে অবহেলা করলে সেই চিকিত্সককে চাকরিচ্যুত করা হবে।
গতকাল শুক্রবার বিকালে তাড়াশ উপজেলার নওগাঁ শাহ শরীফ জিন্দানী কলেজ মাঠে ‘মুক্তিযুদ্ধকালীন বেসরকারি সেক্টর পলাশ ডাঙ্গা যুব শিবিরের স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধা জনতার এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। পলাশ ডাঙ্গা যুব শিবিরের তত্কালীন ডেপুটি কমান্ডার মম আমজাদ হোসেন মিলন এমপির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, মকবুল হোসেন এমপি, এডভোকেট বিমল কুমার দাস, গাজী সোহরাব আলী, হাজী ইসহাক আলী, জান্নাত আরা তালুকদার হেনরী, এডভোকেট আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার প্রমুখ।
এর আগে শুক্রবার দুপুরে মন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন করেন। হাসপাতাল চত্বরে সিরাজগঞ্জ সিভিল সার্জন দেবপ্রদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মম আমজাদ হোসেন মিলন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আহম্মেদুল কবির, নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান জামান, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, তাড়াশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই। বেগম খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, আপনি নির্বাচন চাচ্ছেন, নির্বাচন দেয়া হবে, তবে তা বর্তমান সরকারের মেয়াদ পূরণ শেষে ২০১৯ সালে নির্ধারিত সময়ের একদিন আগেও সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হতে পারে না।