নোয়াখালীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

 নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়ন যুবলীগের দফতর সম্পাদক মিলন সরকারকে (২৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।
 
শুক্রবার দিবাগত মধ্যরাতে দেওটি ইউনিয়নের মুহুরীগঞ্জ বাজারের কাছে এই ঘটনা ঘটে। নিহত মিলন স্থানীয় সারেং বাড়ির নাদেরুজ্জামানের ছেলে। 
 
সোনাইমুড়ি থানার ওসি (তদন্ত) জয়দেব বিষয়টি নিশ্চিত করে জানান, যুবলীগ নেতা মিলনের মুহুরীগঞ্জ বাজারে ডেকোরেশনের ব্যবসা রয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মিলন বাড়ির পাশের জলাশয়ে মাছ শিকার করতে যান। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।
 
তিনি আরও জানান, সকালে স্থানীয়রা মৃতদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে।