কুমিল্লায় মালবাহী একটি ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার বানাসুয়া এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়।
কুমিল্লা জিআরপি’র এসআই নজরুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী মালবাহী একটি ট্রেন জেলার সদর উপজেলার বানাসুয়া এলাকায় পৌঁছুলে এর ৩টি বগি লাইনচ্যুত হয়।
বেলা পৌনে ১২টায় কুমিল্লা রেলওয়ের সহকারি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, লাকসাম রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে এখনো পৌঁছায়নি। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার কাজ শুরু হবে। তবে রেল চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে তা জানাতে পারেননি তিনি।