পূর্বধলায় জমি নিয়ে বিরোধে হামলা-ভাংচুর

নেত্রকোনার পূর্বধলায় গত শুক্রবার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ হামলা চালিয়ে উপজেলার মৌদাম গ্রামের আব্দুল কুদ্দুছ মোল্লা নামে এক আনসার সদস্যের ঘর-বাড়ি ভেঙ্গে দিয়েছে। বাধা দিতে গেলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সোহেল মিয়া (২৭), হাসান (২০) ও নূরুল ইসলাম (৪৫) নামে তিন ব্যক্তি আহত হন। এদের মধ্যে গুরুতর আহত সোহেল মিয়াকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
এ ঘটনায় কুদ্দুছ মোল্লার স্ত্রী বানু বেগম বাদী হয়ে ১১জনকে আসামি করে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেছেন।
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মৌদাম গ্রামের আব্দুল কুদ্দুছ মোল্লার সঙ্গে একই গ্রামের হুদা মিয়া ও দুদু মিয়ার দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শুক্রবার হুদা মিয়া ও দুদু মিয়া তাদের লোকজন নিয়ে এই বিরোধকৃত জমির আইল কাটতে গেলে কুদ্দুছ মোল্লার ছেলে সোহেল মিয়া ও হাসান বাধা দেয়। এ সময় প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে তাদের ধাওয়া করলে তারা নিজ বাড়িতে আশ্রয় নিয়েও শেষ রক্ষা পায়নি। প্রতিপক্ষের লোকজন তাদের ঘর-বাড়ি ভাংচুর করে ও হামলা চালিয়ে গুরুতর আহত করে । স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
 
পূূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, এ ঘটনায় কুদ্দুছ মোল্লার স্ত্রী বানু বেগম বাদী হয়ে ১১জনকে আসামি করে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেছেন।