মাধবপুরে দুপক্ষের সংঘর্ষে কিশোরী নিহত

জেলার মাধবপুর উপজেলার দক্ষিণ বড়গ গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নাসিমা আক্তার (১৫) নামে এক কিশোরী নিহত হয়েছে।
 
শনিবার বেলা দুইটায় জমি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাসিমা আক্তার উপজেলার ওই গ্রামের মৃত আশরাফ আলীর মেয়ে।
 
এলাকাবাসী জানায়, উপজেলার বুল্লা ইউনিয়নের দক্ষিণ বড়গ গ্রামের মৃত আশরাফ আলীর পরিবারের সদস্যদের সঙ্গে জমি নিয়ে একই গ্রামের ইউপি সদস্য মহিউদ্দিনের বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধাঘণ্টাব্যাপী সংঘর্ষে ঘটনাস্থলেই কিশোরী নাসিমা আক্তার নিহত হয় ও উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। পরে স্থানীয় বয়োজ্যেষ্ঠরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
 
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি।’