খিলগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

 
রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকায় বর্ণা আক্তার নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। বর্ণা স্থানীয় হিউম্যান হলারচালক মো. সজীবের স্ত্রী। তারা খিলগাঁও সিপাহীবাগ কাঁচাবাজার এলাকায় বসবাস করতেন।
 
বর্ণার বড় ভাই বিল্লাল হোসেন জানান, এক বছর আগে বর্ণা নিজেই সজীবকে বিয়ে করেন। শনিবার দুপুর ১২টার পরে তাদের ছোট ভাই শাকিলকে ফোন করে বর্ণা বলে ‘আমাকে বাঁচাও’। এরপর তারা দ্রুত বর্ণার বাসায় গিয়ে দেখে বাসার দরজা ভেতর থেকে আটকানো, পরে দরজা ভেঙে বর্ণাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে খিলগাঁও খিগমা হ‍াসপাতালে নেওয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। বিকাল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিত্সক বর্ণাকে মৃত ঘোষণা করেন।
 
এ দিকে, বর্ণার মৃত্যুর খবর জানার পর সজীব পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় আটক করে তাকে খিলগাঁও থানায় সোপর্দ করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা দায়ের হয়নি। সজিব থানায় পুরিশ হেফাজতে রয়েছেন।