বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের অধিকার ও সকল সুবিধা নিশ্চিত করেছে। যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা সরকারের শুধু নির্বাচনী ওয়াদা নয়, মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতার গণদাবি।
শনিবার বিকাল চারটায় দুই কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে জামালপুরের মেলান্দহে নবনির্মিত মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচার করে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে বিএনপি তখন যুদ্ধাপরাধীদের রক্ষায় মরিয়া হয়ে উঠেছে ও হরতালের নামে জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করেছে।
এরপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন।
এ সময় জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন খান, সাবেক জেলা কমান্ডার সৈয়দ হারুনুর রমিদ, সাবেক উপজেলা কমান্ডার আলহাজ এসএম আ. মান্নান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকীবিল্লাহ, নির্বাহী প্রকৌশলী মো. আনিসুল ওহাব খান, সাবেক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক জাহেদী রবিন, উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, পৌর মেয়র হাজী দিদার পাশা, নাংলা ইউপি চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. রাজ্জাক সুজা প্রমুখ বক্তব্য রাখেন।