কুমিল্লায় একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামের সাথে সারাদেশের নয় ঘণ্টা যাবৎ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার সকাল সোয়া ১০ টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার বানাসুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলের উভয়দিকের বিভিন্ন রেলওয়ে স্টেশনে কমপক্ষে আটটি ট্রেন আটকা পড়ে কয়েক হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সন্ধ্যা সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।
জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী মালবাহী একটি ট্রেন জেলার আদর্শ সদর উপজেলার বানাসুয়া এলাকায় পৌঁছার পর এর তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর আখাউড়া থেকে বেলা সাড়ে ১১টায় একটি ও চট্টগ্রাম থেকে বিকাল সাড়ে চারটায় আরো একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ চালায়। রাত আটটা থেকে সাড়ে ৮টার দিকে উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল শুরু হতে পারে বলে তিনি জানিয়েছেন।
কুমিল্লা রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার ফলে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী, কর্ণফুলী এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস, কর্ণফুলী এক্সপ্রেস, মহানগর গোধুলী, ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেক্স ঘটনাস্থলের উভয়দিকের বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।