‘টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা পালন করছে প্রবাসীরা’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, প্রবাসী শ্রমিক ও উদ্যোমী তরুণ উদ্যোক্তারা বাংলাদেশের উচ্চতর টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা পালন করছে। এক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখছে মলয়েশিয়ায় কর্মরতরা। এখন মালয়েশিয়া সরকারের সঙ্গে এক হয়ে স্বচ্ছ, ডিজিটাল ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় শ্রমিক নিয়োগ চুক্তি সম্পাদন করা গেলে খুব শিগগিরই মালয়েশিয়া হবে বাংলাদেশের রেমিটেন্স আয়ের বৃহৎ উৎস।

শুক্রবার মালয়েশিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশী বা এনআরবি সেন্টার মালয়েশিয়া প্রবাসীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। সেন্টারের চেয়ারপারসন শেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহিদুল ইসলাম ও ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ বক্তব্য রাখেন।

গভর্নর বলেন, হাইকমিশন ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ের ভিত্তিতে বাংলাদেশী প্রবাসীদের জন্য সকল ব্যাংকের অংশগ্রহণে একটি নতুন ঋণ প্রোডাক্ট চালু করা হচ্ছে। তিনি হাইকমিশন অফিস আরও ডিজিটাইজড করা ও মালয়েশিয়ায় কর্মরত প্রবাসীদের কর্মস্থল ও তাদের পরিচয় সংরক্ষণ করার তাগিদ দেন। একইসঙ্গে প্রবাসীদের অভিযোগ গ্রহণ ও নিস্পত্তির জন্য হাইকমিশনে একটি ‘হটলাইন’ নম্বর স্থাপনের পরামর্শ দেন।