ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: রাকিটিস

 
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জার্সি গায়ে মেসির সঙ্গে মাত্র এক মৌসুম খেলেছেন ইভান রাকিটিস। এরই মধ্যে মেসির খেলাতে মুগ্ধ হয়ে গেছেন এই ক্রোয়োশিয়ান মিডফিল্ডার রাকিটিস। তিনি মনে করেন, ‘মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়।’
 
গত বছর সব ধরণের লিগ খেলায় ৫৭ ম্যাচে ৫৮টি গোল করেছেন লিওনেল মেসি। মেসির ফুটবল জাদুতে লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে বার্সেলোনা। তার সাথে ছিলেন নেইমার ও সুয়ারেজও।
 
মেসির প্রশংসা করতে গিয়ে রাকিটিস বলেছেন, ‘মেসি কে? এটা আমরা সবাই জানি। ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। তার মধ্যে ফুটবলের সকল গুণ রয়েছে। যা অন্য কারও মধ্যে নেই। গত আসরে সেটি আরো একবার প্রমাণ করেছে সে। তাই পরবর্তী ব্যালনডি’অর তারই প্রাপ্য।’
 
আসন্ন মৌসুমেও ট্রেবল জয়ের স্বাদটা আবারো নিতে চান রাকিটিস। নতুন মৌসুম নিয়ে নিজের লক্ষ্য সম্পর্কে রাকিটিস বলেন, ‘গেল মৌসুমে আমরা দারুণ ছন্দে ছিলাম। সব ম্যাচেই নিজেদের সেরা ফুটবলই খেলার চেষ্টা করেছি। তাই সাফল্যের চূড়ায় পৌঁছাতে পেরেছি আমরা। আসন্ন মৌসুমেও আমাদের লক্ষ্য থাকবে ট্রেবল জয় করা।’-বাসস।