ফকিরহাটের লখপুর এলাকায় পিকআপভ্যান ও ট্রাকের সংর্ঘষে দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। রবিবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের কবির মোল্লার ছেলে আরিফ মোল্লা (২০) ও একই এলাকার টুকু ফকিরের ছেলে রবিউল ইসলাম (১৪)। আহত পিকআপ ভ্যানের চালক একই গ্রামের কালাম ফকিরের ছেলে গোলাম মোস্তফা (৩২)।
স্থানীয়দের বরাত দিয়ে কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মান্নান ফারাজী জানান, খুলনা- মংলা মহাসড়কের লখপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ধানবোঝাই ট্রাকের সাথে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা পিকআপভ্যানের ধাক্কা লাগে। এসময় পিকআপে থাকা আরিফ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রবিউলকে ও চালক মোস্তফাকে খুলনা মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিত্সাধীন অবস্থায় রবিউল মারা যায়। পুলিশ পিকআপভ্যান ও ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।
তিনি আরো জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।