জলঢাকা উপজেলার ঘাটেরপাড় মমিনুরের ডাঙ্গা এলাকায় রবিবার সকাল ১০টায় মাধবচন্দ্র নামের এক স্কুল-শিক্ষককে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে গুলি করে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় তার সাথে অটোরিকশায় থাকা দুই যাত্রীও গুলিবিদ্ধ হন। মাধবচন্দ্র গোলমুন্ডা স্কুলের শিক্ষক।
গোলমুন্ডা উচ্চবিদ্যালয় হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিভাগের শিক্ষক ও প্রত্যক্ষদর্শী রতনেশ্বর জানান, প্রতিদিনের মতো জলঢাকা থেকে অটোযোগে গোলমুন্ডা স্কুলে যাওয়ার পথে যাত্রীবেশী চার যুবক আমার সাথে খারাপ আচরণ করতে থাকে। এ সময় আমার সহকর্মী মাধব চন্দ্র প্রতিবাদ করে। পরে তাকে মারধর করে ও একপর্যায়ে পিস্তল বের করে পেটে ও মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। দুইটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা চলে যায়। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে মাধব চন্দ্রকে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় শিক্ষক রতনেশ্বর ও অটোতে থাকা যাত্রী শুকতারা নামের এক ছাত্রী আহত হয়।
অটোচালক এমদাদুলকে জিজ্ঞাসাবাদে জানায়, যাত্রীবেশী চার যুবক ঘটনাস্থলে এলে এখানে নামবো বলে আমাকে গাড়ি থামাতে বলে। অটো থামার সঙ্গে সঙ্গে তারা পিস্তল ও ছুরি বের করে আক্রমণ করে।
জলঢাকা থানার ওসি দিলওয়ার হাসান ইনাম জানান, ঘটনাটি উত্ঘাটনের জোর চেষ্টা চলছে। এ ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জলঢাকা আহবায়ক নির্মলেন্দু রায়।