রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমার দেওয়া বক্তব্যকে অসাংবিধানিক, মিথ্যা, ভিত্তিহীন ও বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়নের অংশ দাবি করে তাকে সংসদ সদস্য পদ থেকে অপসারণসহ আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবি উঠেছে মাটিরাঙ্গা ও রামগড়সহ পার্বত্য জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সভা সমাবেশ থেকে। সোমবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও রামগড়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সচেতন মাটিরাঙ্গাবাসীর ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বাসন্তী চাকমা পার্বত্য চট্টগ্রামকে নতুন করে অশান্ত করার ষড়যন্ত্রে মেতে উঠেছেন। মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন লিটন, বাঙালি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জি. মো. আবদুল মজিদ, সলেন চাকমা, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. মো. হারুনুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা বাসন্তী চাকমার কুশপুত্তলিকা দাহ করে উল্লাস করে। রামগড়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়ছে সোমবার সকালে। কৃষি ব্যাংক সংলগ্নে রামগড়-জালিয়াপাড়া সড়কের পাশে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোকতাদের হোসেন, রামগড় শাখার আহ্বায়ক মো: ইউনুছ ও মাটিরাঙ্গা শাখার আহ্বায়ক ওসমান চিশতি। প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমার আপত্তিকর বক্তব্যে তিন পার্বত্য জেলায় প্রতিবাদের ঝড় উঠে।