পুঁজিবাজারে দরসংশোধন

 
পুঁজিবাজারে রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে দরসংশোধন হয়েছে। এর আগে বৃহস্পতিবারও কিছুটা দরসংশোধন হয়েছে। এদিকে দরসংশোধনের সাথে সাথে লেনদেন অনেক কমে গেছে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৬৭৩ কোটি টাকা।
 
আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, বিনিয়োগকারীরা কিছুটা মুনাফা তুলে নিচ্ছেন এ জন্য দরসংশোধন হচ্ছে। দর হারানোর ক্ষেত্রে এগিয়ে ছিল ব্যাংকিং খাত। এ খাতের কোম্পানিগুলোর শেয়ারদর কমেছে প্রায় দেড় শতাংশ। লেনদেনের ক্ষেত্রে শীর্ষে ছিল জ্বালানি খাত। এ খাতে লেনদেন হয়েছে ১৩৯ কোটি টাকা। যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ২১ শতাংশ।
 
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২০ পয়েন্ট কমে ৪ হাজার ৮৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৮৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৭৩ কোটি ৪৭ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ১৫ কোটি  ৭ লাখ টাকা টাকা কম। লেনদেনকৃত ৩২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের।
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫৬ কোটি ৬৩ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ২ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৫৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের।