ছাতকে দিনব্যাপী দুদকের গণশুনানি অনুষ্ঠিত

 

বিভিন্ন অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি

 

 

 ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

সরকারি অফিসসমুহে সেবা ও সুবিধাদি প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যা শ্রবণ ও নিষ্পত্তি, স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ছাতকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার দিনভর উপজেলা অডিটোরিয়ামে এ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আদালতের আদলে গণশুনানি করেন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকত উল্লাহ খাঁন।

এ উপলক্ষে জেলা প্রসাশক  মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় দুদক কার্যালয়ের পরিচালক আব্দুল্লাহ আল জাহিদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, দুদকের পরিচালক (প্রতিরোধ) মনিরুজ্জামান, ছাতক উপজেলা নির্বাহী অফিসার আবেদা আফসারী, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেন, দুর্নীতিগ্রস্ত কিছু সংখ্যক লোকের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। দেশে বিদ্যুত্, ভূমি, স্বাস্থ্যখাতে চরম অনিয়ম, টিআর-কাবিখায় লুটপাট হচ্ছে। এসব থেকে আমাদেরকে বেরিয়ে এসে সব ধরনের দুর্নীতিকে সরকারের ঘোষণা অনুযায়ী জিরো ট্রলারেন্সে নিয়ে আসতে হবে।

পরে গণশুনানিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের ওপর অভিযোগ তোলেন শাহ জাহান মিয়া, হাজী ইশাদ আলী ও হিফজুল বারী শিমুল। সহকারী কমিশনার (ভূমি) অফিসের বিরুদ্ধে অনিয়ম সংক্রান্ত অভিযোগ উত্থাপন করেন রোকন উদ্দিন, মানিক মিয়া, সিরাজুল ইসলাম, মাস্টার নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা শুকুর আলী, ডাঃ আফসার উদ্দিন ও আতাউর রহমান। শুকুর আলীর ভূমি সংক্রান্ত আনীত অভিযোগ তাত্ক্ষণিক নিষ্পত্তি করা হয়েছে। অন্যান্য অভিযোগ এক সপ্তাহের মধ্যে শুনানি করে নিষ্পত্তির নির্দেশ প্রদান করা হয়।

মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের বিরুদ্ধে আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের বিরুদ্ধে লাল মিয়া, পল্লী বিদ্যুত্ ও পিডিবি’র বিরুদ্ধে আপ্তাব উদ্দিন ও আব্দুল জব্বারের দেয়া অভিযোগ স্বল্প সময়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ প্রদান করা হয়। ছাতক থানার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা শুকুর আলী ও ছালিক মিয়ার আনীত অভিযোগের বিষয়ে তদন্ত করে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়।

এদিকে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাকির আমিনের অনিয়ম, দুর্নীতি উল্লেখ করে তার বিরুদ্ধে দুদক কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের চাকলপাড়া গ্রামের মৃত তাছির উল্লার পুত্র রইছ আলী।