১৮ থেকে ২৮ বছর বয়সী শিক্ষার্থী, শিক্ষাবিদ ও উদ্যোক্তারা নিয়ে টানা তৃতীয়বারের মতো শুরু হচ্ছে ‘টেলিনর ইয়ুথ ফোরাম ২০১৫’। ‘নলেজ ফর অল’ থিম নিয়ে বিশ্বব্যাপী তরুণদের ক্ষমতায়নের টেলিনর গ্রুপের এই আয়োজন।
রবিবার রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।
সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের এক্সটার্নাল কমিউনিকেশনের প্রধান সৈয়দ তালাত কামাল, সেন্টার অব এক্সপারটাইজ, পিপলস অ্যান্ড অর্গানাইজেশন বিভাগের পরিচালক সৈয়দ তানভীর হোসেন ও ডেপুটি জেনারেল ম্যানেজার পাবলিক রিলেশন মোহাম্মদ হাসান উপস্থিত ছিলেন।
গ্রামীণফোনের কর্মকর্তারা জানান, ‘টেলিনর ইয়ুথ ফোরাম ২০১৫’ এর লক্ষ্য হচ্ছে সমাজে প্রযুক্তিগত রূপান্তরের বিষয়ে প্রভাব বিস্তারকারী তরুণদের মধ্যে যোগাযোগ করিয়ে দেয়া। এর মাধ্যমে সারা দেশের শীর্ষ দশটি শিক্ষাপ্রতিষ্ঠান, তরুণ শিক্ষাবিদ ও উদ্যোক্তাদের ধারণা সংগ্রহ করা হবে।
সৈয়দ তানভীর হোসেন বলেন, এ বছরের ডিসেম্বর মাসে নরওয়েরে অসলোতে ইয়ুথ ফোরাম অনুষ্ঠিত হবে। এই ফোরামে টেলিনর গ্রুপের ব্যবসা আছে এমন বিশ্বের ১৩টি দেশ থেকে বাছাই করা তরুণেরা অংশ নেয়ার সুযোগ পাবেন। প্রযুক্তির উত্থানের এই সময়ে তরুণদের একসঙ্গে কাজ করার একটি মঞ্চ তৈরি করে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করাই এর লক্ষ্য। এ বছর থিম হচ্ছে ‘নলেজ ফর অল’ বা সবার জন্য জ্ঞান।
গ্রামীণফোনের কর্মকর্তারা জানান, প্রথম ধাপে স্থানীয় পর্যায়ে বাছাই করার মাধ্যমে শিক্ষার্থী, তরুণ শিক্ষাবিদ ও উদ্যোক্তাদের নির্বাচন করা হবে। গ্রামীণফোন, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা জমা পড়া ধারণাগুলো বাছাই করবেন। এ বছরের অক্টোবর মাস নাগাদ চারজনকে চূড়ান্তভাবে নির্বাচন করবেন বিচারকেরা। তাদের মধ্যে থেকে দুজন নরওয়ের রাজধানীর অসলো যাওয়ার সুযোগ পাবেন। অসলোতে ১৩টি দেশ থেকে দুজন করে ইয়ুথ ফোরামে অংশ নেবেন এবং তাদের ধারণা উপস্থাপন করার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে গত বছর অসলো ঘুরে আসা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল হক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওশিন মেহজাবিন তাদের অভিজ্ঞতার কথা বলেন। গত বছরে ‘টেলিনর ইয়ুথ সামিট’ বাংলাদেশ পর্ব বিজয়ী হয়ে তারা অসলোতে যান। ২০১৪ সালে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার নাম ছিল ‘টেলিনর ইয়ুথ সামিট’ যা এ বছর নাম পরিবর্তন হয়ে ‘টেলিনর ইয়ুথ ফোরাম’ হয়েছে। বিস্তারিত: (www.telenor.com/youthforum) ঠিকানায়।