কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে ৪ শিশু আহত

যশোরের অভয়নগর উপজেলায় কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলার সময় বিস্ফোরণে চার শিশু মারাত্মক আহত হয়েছে। আহতরা হল, উপজেলার নওয়াপাড়া গ্রামের হুমায়ূনের ছেলে আব্দুর রহমান মুন্না (৯), আসলাম গাজীর ছেলে অনিক হোসেন (১০), আজিম সরদারের ছেলে আশিকুর রহমান সাগর (৮), ও মিন্টু হাওলাদারের মেয়ে ফতেমা খাতুন (৮)। এরা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার সকাল সাড়ে আটটায় উপজেলার নওয়াপাড়া মডেল কলেজের পাশে আনিছুর সরদারের পুকুর পাড়ে ওই চার শিশু তাল কুড়াতে যায়। তারা সেখানে ধানের কুড়া ভর্তি একটি ব্যাগ পেয়ে এর ভিতরে চারটি তাজা বোমাকে ক্রিকেট বল ভেবে  খেলতে যায়। এক শিশু একটি বোমা মাটিতে ছুড়তেই বিকট শব্দে বিষ্ফোরিত হয়ে তার দুই হাতের কবজি উড়ে যায়। তৎক্ষণাৎ অন্য শিশুরা ভয়ে বলগুলো মাটিতে ফেলা মাত্রই বাকি তিনটি বোমার দুটি বিকট শব্দে বিষ্ফোরিত হয়। এ সময় ওই চার শিশুর শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত বোমা ও বিস্ফোরিত বোমার স্প্রিন্টার উদ্ধার করে থানায় নিয়ে যায়।শিশুদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করায়।
 
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, ‘ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা বোমাগুলি লুকিয়ে রেখেছিল। ঘটনার তদন্ত চলছে।’