উদ্ভাবন

অরবিটাল শেকিং ইনকিউবেটর তৈরিতে সফলতা

 

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যমী তিন তরুণ মিলে স্বল্প ব্যয়ে তৈরি করেছে অরবিটাল শেকিং ইনকিউবেটর। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তানভির আহমেদ, সজিব কর ও তৌকির হোসেন মিলে এই বিশেষ ধরনের ইনকিউবেটরটি তৈরি করেছে। এর নাম দেয়া হয়েছে এইসএসটিইউ অরবিটাল শেকিং ইনকিউবেটর। সম্পূর্ণ দেশীয় উপকরণ ব্যবহার করে যন্ত্রটি তৈরি করা হয়েছে। ইনকিউবেটরটির বিশেষত্ব নিয়ে তানভির আহমেদ বলেন, অরবিটাল শেকিং ইনকিউবেটর মূলত ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া কালচার, এনজাইম প্রোডাকশন এবং এছাড়াও বিভিন্ন ল্যাবে নির্দিষ্ট তাপমাত্রায় রাসায়নিক মিশ্রণ তৈরির কাজের জন্য এই যন্ত্রটি উপযুক্ত আবহাওয়া তৈরি করে। আন্তর্জাতিক বাজারে এ ধরনের যে সকল ইনকিউবেটর পাওয়া যায় সেগুলোর মূল্য বাংলাদেশি টাকায় সাড়ে ৩ লাখ থেকে ৫ লাখ টাকার মধ্যে বা এর থেকেও বেশি হয়ে থাকে।

আরেক শিক্ষার্থী সজিব কর বলেন, আমাদের এ ইনকিউবেটরটি তৈরি করতে ব্যয় হয়েছে মাত্র ২৫ থেকে ২৮ হাজার টাকা। কিন্তু যথাযথ উদ্যোগ ও সহযোগিতা পেলে ৫০ হাজার টাকার মধ্যে আমরা একদম পূর্ণাঙ্গ ইনকিউবেটর তৈরি করতে পারবো। সে জানায় তাদের এ কাজে সার্বিকভাবে সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়েছেন মেকানিক্যাল বিভাগের শিক্ষক রোবায়াত বিন শাহাদাত্ ও নুর আলম মণ্ডল এবং বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক ড মোঃ আজিজুল হক। বর্তমানে তাদের তৈরিকৃত  ইনকিউবেটরটি  বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের ল্যাবে ব্যবহার করা হচ্ছে।

বিভাগের শিক্ষক ড. মো. আজিজুল হক বলেন, বায়োকেমিস্ট্রি ল্যাবের জন্য এই যন্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন এই ধরনের ইনকিউবেটর দেশের কোনো কোম্পানি তৈরি করে না, তাই আমি যুক্তরাষ্ট্র থেকে এটি নিয়ে আসার পরিকল্পনা করি। কিন্তু সেটির মূল্য দাঁড়ায় ৫ লাখ টাকা এবং আকারেও এর চেয়ে ছোট। পরবর্তিতে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক রোবায়াত বিন শাহাদাতের সাথে কথা বলি এবং তার দিকনির্দেশনাতেই এটি তৈরি করা হয়। তিনি বলেন, তৈরিকৃত অরবিটাল শেকিং ইনকিউবেটরটি ইতোমধ্যে সফলভাবে ব্যবহার করে ব্যাকটেরিয়া কালচার ও এনজাইম ফারমেন্টেশনের কাজ সম্পন্ন করা গেছে। হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মুঃ আবুল কাসেম বলেন, আমি তাদের তৈরিকৃত অরবিটাল শেকিং ইনকিউবেটর ও এর কার্যক্রম দেখেছি। আমরা অনেক আশাবাদী এই ইনকিউবেটরটি নিয়ে। সামনে এ ধরনের কাজে সহযোগিতার কথাও বলেন তিনি।