বলিউডের এ সময়ের সবচেয়ে আলোচিত অভিনেতা সালমান খান। তার সর্বশেষ ছবি বজরঙ্গি ভাইজান দিয়ে দর্শক-সমালোচকদের মাত করে রেখেছেন। এখন 'ভাইজান' এর অনুরোধেই ভরা ক্যারিয়ারে মায়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন জ্যাকলিন ফার্নান্দেজ। আসন্ন ছবি 'ব্রাদার'-এ জ্যাকলিনকে একটি ছোট্ট শিশুর মা হিসেবে দেখা যাবে।
তবে ক্যারিয়ারের মধ্যগগনে থাকা জ্যাকলিনকে মায়ের চরিত্রে অভিনয় করাতে রাজি করানো সহজ কাজ ছিল না। তার 'কিক' কো-স্টার 'বজরঙ্গি ভাইজানের' কথাতেই তা সম্ভব হয়েছে বলে নিজেই স্বীকার করেছেন জ্যাকলিন। হবেই বা না কেন, এরই মধ্যে যে বলিউডে প্রবাদ হয়ে গেছে, রাখে সালমান মারে কে।
একটি ওয়েব পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী জ্যাকলিন জানিয়েছেন 'ব্রাদারের গল্প নিয়ে দুই করণই (জোহর ও মালহোত্রা)আমার কাছে এসেছিলেন। রা আমাকে জানায় আমাকে এক মায়ের ভূমিকায় অভিনয় করতে হবে। চরিত্রটি খানিক গতানুগতিক, ছকে বাঁধা। আমার কিছুটা সন্দেহ ছিল এই চরিত্রে অভিনয় করা নিয়ে।'
জ্যাকলিন জানিয়েছেন নিজের দোলাচল কাটাতে তিনি নিজেই সালমানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এই মিস শ্রীলঙ্কা জানান যে তাকে ভরসা দেন সালমানই। আর তাকে রাজি করানোর জন্য সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভোলেননি তিনি। সূত্র: জি নিউজ