ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। দিবসটি উপলক্ষে অন্তত ১০ হাজার মানুষ প্যারেডে অংশ নেন। এসময় বিমান বাহিনীর ফাইটার জেটগুলোকে আকাশে চক্কর দেয়।
জাতীয় অঙ্গিকার ও জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চূড়ান্ত মাত্রা পায়। চলতি বছরের মার্চে দেশটির প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ-র মৃত্যুর পর পুরো দেশ স্বাধীনতা দিবস উদযাপন করতে একত্রিত হল।
IMG0
১৯৪৬ সালে ব্রিটিশ সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার পর মালয়েশিয়ার সাথে যুক্ত হয়েছিল দ্বীপটি। এর পর ১৯৬৫ সালে মালয়েশিয়ার কাছ থেকে আলাদা হয়ে সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে সিঙ্গাপুর। প্রথমদিকে সবাই একে মৎস্যজীবীদের দেশ হিসেবে জানলেও, সমুদ্র পথে বাণিজ্য উন্মুক্ত করে দেয়ার পর থেকে আর পেছনে ফিরে তাকেতে হয়নি সিঙ্গাপুরকে।
IMG1
স্বাধীনতা দিবস উপলক্ষে অতিরিক্ত একদিন সাধারণ ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। দিবসটিতে ‘লাল বিন্দু’কে সরকারিভাবে লোগো হিসেবে নির্ধারণ করা হয়েছে। বলা হয়ে থাকে, ১৯৯০-র দশকে এক ইন্দোনেশীয় নেতা তাচ্ছিল্যভরে সিঙ্গাপুরকে মানচিত্রের একটি ‘ছোট লাল বিন্দু’ বলে উল্লেখ করেছিলেন। এখন সেই লাল বিন্দুই যে সিন্ধু হয়ে উঠেছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তাই দেখাচ্ছে সিঙ্গাপুর। সূত্র: বিবিসি