সাঙ্গাকারা শ্রীলংকার সেরা ব্যাটসম্যান: জয়াবর্ধনে

 
অবসরের পথে থাকা কুমার সাঙ্গাকারার প্রতি অভিনন্দন জানিয়ে তাকে এযাবতকালে দ্বীপ রাষ্ট্রটির ‘গ্রেটেস্ট ব্যাটসম্যান’ হিসেবে অভিহিত করেছেন শ্রীলংকা দলের সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।

আগামী বুধবার শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন টেস্টে ১২ হাজার এবং ওয়ানডেতে ১৪ হাজারের বেশি রান করা সাঙ্গাকারা।
 
দীর্ঘ দিনের সতীর্থের প্রতি সংগ্রামী অভিনন্দন জানিয়ে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেয়া এক একান্ত সাক্ষাতকারে সাবেক অধিনায়ক জয়াবর্ধনে বলেন, ‘আমি স্পষ্ট করেই বলছি। এযাবতকালে শ্রীলংকার সেরা ব্যাটসম্যান সাঙ্গাকারা। আমার মত অধিকাংশ শ্রীলংকানের মতেই অরবিন্দ ডি সিলভা একজন সেন্টিমেন্টাল ফেবারিট হিসেবে বিবেচিত হবেন। তবে নাম্বারের দিক থেকে একমাত্র সাঙ্গাকারই ফেনোমেনাল কিছু অর্জন করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা ৬০ এর বেশি (টেস্টে ৩৮ ও ওয়ানডেতে ২৫)। এই অবিশ্বাস্য সংখ্যাগুলোর দিকে তাকান।’

আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ২৫ হাজারের কাছাকাছি রান করা জয়াবর্ধনে বলেন, সাঙ্গাকারা সঠিকভাবে চিন্তা করেই বাউন্ডারি মারেন এবং লংকার ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য বাস্তবায়নযোগ্য লক্ষ্য নির্ধারণ করেছেন। তিনি বলেন, ‘কুমারের সবচেয়ে বড় গুন বা গ্রেটনেস হচ্ছে যে কোন বোলিং আক্রমণের বিপক্ষে সকল প্রকার কন্ডিশনেই রান করার সক্ষমতা। সত্যিই ভেবে-চিন্তে নিশ্চিত করেই তিনি বাউন্ডারি হাঁকাতে পারেন এবং ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য কিছু নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বাতলিয়ে দিয়েছেন।

জয়াবর্ধনে আরো বলেন, ‘আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে স্বল্প কিছু সংখ্যক ব্যক্তি আছে যারা সব ক্ষেত্রেই এ ধরনের গ্রেটনেস অর্জন করতে পেরেছেন। হতে পারে এটা মাঠে পারফরমেন্স দিয়ে দিয়ে অথবা ব্যবহার দিয়ে। কুমার এর ধরনেরই একজন খেলোয়াড়। তার শূন্য স্থান পূরণ হতে কিছু সময় লাগবে। আমি মনে করি তাকে পাওয়াটা শ্রীলংকার পুরো ক্রিকেট দলেরই একটা ভাগ্য। কুমারের মত একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়ের সাথে একই সঙ্গে খেলতে পেরে আমি নিজকে ধন্য মনে করছি।’ তবে নিজের ঘনিষ্ঠ বন্ধুর বিদায়ে কিছুটা আবেগ প্রবণ হয়ে পড়লেও আসন্ন সিরিজে ভারতকেই ‘এগিয়ে’ রাখতে ভোলেননি জয়াবর্ধনে। ৩৮ বছর বয়সী সাবেক এই ব্যাটসম্যান আরো বলেন, ‘আমি মনে করছি সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’