চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের অতিরিক্ত মহাসচিব গোলাম রসুল বাবুলের ওপর একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাকে আহত করেছে। দুর্বৃত্তরা তাকে বেধড়ক মারধরও করে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে নগরীর আলমাস সিনেমা হল এলাকায় তাকে মারধর করা হয়। পরিবহন মালিক গ্রুপের একজন কর্মকর্তা জানান, অজ্ঞাতপরিচয় ৪/৫ জন যুবক গোলাম রসুল বাবুলের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে মারধর করে। এ সময় তার মোবাইল ফোন এবং সঙ্গে থাকা নগদ টাকাও ছিনতাই করে নিয়ে যায় তারা। স্থানীয় লোকজন বাবুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মারধরের কারণে বাবুলের একটি হাত ভেঙে গেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।