যুক্তরাষ্ট্রে একই পরিবারের ৮ জনকে গুলি করে হত্যা

 
যুক্তরাষ্ট্রের টেক্সাসে হ্যান্ডকাফ লাগানো ও মাথায় গুলিবিদ্ধ অবস্থায় একই পরিবারের আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
 
সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিনের শেষভাগে খবর পেয়ে পুলিশ ঐ বাড়িতে যায়। এসময় তারা একটি শিশুর লাশ দেখতে পেয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে গুলিবিনিময় হয়।
 
প্রায় ঘণ্টাখানেক পর ডেভিড কনলে নামের সন্দেহভাজন ঐ ব্যক্তি সমঝোতার ভিত্তিতে আত্মসমর্পণ করেন।
 
নিহতদের মধ্যে রয়েছে ডিওয়াইনে জ্যাকসন (৫০), তার স্ত্রী ভ্যালেরি জ্যাকসন (৪০) এবং তাদের সন্তান নাথানিয়াল (১৩), ডিওয়াইনে (১০), ওনেস্টি (১১), কালিব (৯), ট্রিনিটি (৭) এবং জোনাহ (৬)।
 
ধারণা করা হচ্ছে, নাথানিয়াল কনলে ও ভ্যালেরির সন্তান। অতীতে তাদের  মধ্যে সম্পর্ক ছিল।
 
বিবিসি বলছে, হত্যাকাণ্ডের উদ্দেশ্য পুরোপুরি জানা যায়নি। তবে ভ্যালেরির সঙ্গে মনোমালিন্যের কারণে এমনটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।