কেরানীগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তিন শিশু দগ্ধ

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা 

কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তিন শিশু দগ্ধ হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ শিশুরা হলো সুমি (১৩) তার ছোট ভাই ফিরোজ (১১) ও সোহানা আক্তার (৮)। দগ্ধ সুমির চাচা আ. রশিদ জানান, কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা এলাকার বাসিন্দা তিনি। সোমবার তাদের বাসায় বেড়াতে আসে তার ভাতিজি সুমি ও তার ছোট ভাই ফিরোজ। সকালে বাসার তিনতলার ছাদে কাপড় শুকাতে দিতে যায় সোহানা নামে এক শিশু। এ সময় তার সঙ্গে ছাদে উঠে সুমি ও ফিরোজ। পরে ছাদের পাশে বিদ্যুতের তারে অসাবধানতাবশত ফিরোজ হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুত্স্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দগ্ধ হয় সোহানা ও সুমিও। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।