একজন অভিনেত্রী হিসেবে বিপাশা হায়াতকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। দেশে নাট্যাঙ্গনে উজ্জ্বল এক নক্ষত্র তিনি। তবে ওপরের ছবিটি অভিনেত্রী বিপাশার নয়, অভিনয়ের বাইরেও যে তার আরও একটি প্রতিভা আছে, তা অনেকেরই অজানা। সেই অজানা তথ্যটিই এবার দিলেন বিপাশা। গত শনিবার বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শিত হয় তার একক চিত্র প্রদর্শনী। ‘রি-আল্মস অব মেমোরি’ শিরোনামের এই প্রদর্শনীটি চলবে আগামী তিন সপ্তাহব্যাপী। এই প্রদর্শনীতে বিপাশার ২৮টি চিত্রকর্ম ও ৮টি ড্রয়িং প্রদর্শিত হবে। হারিয়ে যাওয়া স্মৃতির বিমূর্ত আবেগকে তুলে আনার চেষ্টা চালিয়ে যান বিপাশা তার শিল্পকর্মে।
সে প্রচেষ্টাতেই ক্যানভাসে রঙ ঢেলে, রঙের আস্তরের ওপর আঁচড় কেটে টেক্সচার তৈরি করে বিপাশা তুলে এনেছেন স্মৃতির অ্যালবাম এবং সে স্মৃতিরই নির্যাসই তার শিল্পকর্মের প্রাণ। শনিবার এই প্রদর্শনীর উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বিপাশার পরিবারের সদস্যরা ছাড়াও দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকাই। অনেকদিন পর এক মিলনমেলার সন্ধ্যা ছিল সেটি। প্রদর্শনীটি চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।