‘রবি স্মার্টফোন ও ট্যাব’ মেলা শুরু বৃহস্পতিবার

 
আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পরখ করে দেখার ও কেনার সুযোগ করে দিতে আগের তুলনায় এবার বড় পরিসরে হতে যাচ্ছে ‘রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৫’। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 
সোমবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকার। স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এটি এক্সপো মেকারের চতুর্থ প্রদর্শনী।
 
প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। দর্শকরা আধুনিক প্রযুক্তির সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারবেন। পাশাপাশি প্রদর্শনীতে উন্মুক্ত হতে যাচ্ছে একাধিক ব্র্যান্ডের বেশ কয়েকটি নতুন মডেলের স্মার্টফোন।
 
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পাবে। প্রতিবন্ধীরাও বিনামূল্যে প্রবেশের  এই সুযোগ পাবে।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, স্যামসাং, অ্যাপল, সিম্ফনি, স্টাইলাস, গোল্ডবার্গ, জেডটিই, অপ্পো, হুয়াওয়ে, ম্যাক্সিমাস, সনি, র্যাংগস, এলিট, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, কন্টিগো, শাওমি, জিওনি, ওয়ান প্লাস, এইচটিএস, এডাটা, এইচপিএস, গ্যাজেট গ্যাং সেভেন, মিউজু, আইনল, ডিএক্স জেনারেশন প্রভূতি ব্র্যান্ড তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।
 
সেখানে আরো জানানো হয়, দর্শনার্থী ও বিক্রেতাদের সুবিধার্থে এবার মেলার পরিধি বাড়ানো হচ্ছে। একটি মেগা প্যাভিলিয়ন, ১৩টি প্যাভিলিয়ন, পাঁচটি মিনি প্যাভিলিয়ন এবং ১০টি স্টলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সর্বশেষ প্রযুক্তি ও মডেলের ডিভাইস প্রদর্শনী ও বিক্রি করবে।
 
সম্মেলনে উপস্থিত ছিলেন রবি’র কমিউনিকেশন অ্যান্ড কর্পোরেট রেসপনসিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর, এলিট মোবাইলের এমডি কাজী আশরাফ, গোল্ডবার্গ মোবাইলের সিইও আবরার রহমান, হুয়াওয়ে এর হেড অব সেলস আবদুস সাদাত্ কবির, এডিসন গ্রুপের (সিম্ফোনি) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম, জেডটিই এর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট রস লাই, এসিআই লিমিটেডের (স্টাইলাস) বিজনেস ম্যানেজার মো. রাফিজ উদ্দিন, এক্সপো মেকারের হেড অব অপারেশনস নাহিদ হাসনাইন সিদ্দিকী প্রমুখ।