বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। সোমবার কাওরানবাজারস্থ দৈনিক ইত্তেফাক কার্যালয় পরিদর্শন শেষে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিনিধি দলের সদস্যরা বলেন, এ দেশের মানুষের অদম্য ইচ্ছাশক্তির কাছে সকল প্রতিবন্ধকতা হার মেনেছে।
বিশেষ করে শিক্ষা, সংবাদপত্রের স্বাধীনতা, দারিদ্র বিমোচনে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন প্রতিনিধি দলের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন। তিনি মতবিনিময় সভার সঞ্চালনাও করেন। মতবিনিময়কালে প্রতিনিধি দল ইত্তেফাকের গৌরবময় ভূমিকার প্রশংসা করেন এবং স্বাধীনতা সংগ্রামে এর অনন্য ভূমিকার কথা উল্লেখ করেন।
তারিন হোসেন মুক্তিযুদ্ধকালে ইত্তেফাকের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করিয়ে বলেন, ইত্তেফাক সবসময়ই সাধারণ মানুষের কথা বলে। এ প্রসঙ্গে তিনি এর প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ভূমিকার কথা উল্লেখ করেন।
তারিন হোসেন বলেন, সময়ের চাহিদা পূরণ করতে ইত্তেফাক অনলাইন ভার্সন এনেছে। এটি বেশ জনপ্রিয়তাও পেয়েছে। এছাড়া বাংলাদেশে সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রয়েছে বলেও জানান তিনি।
পরে ইত্তেফাকের বার্তা বিভাগ ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা।
মিশিগান-ফিল্ট ইউনিভার্সিটি প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এবং ডিরেক্টর কামরুল এইচ মজুমদার। দলের অন্যান্য সদস্যরা হলেন- যুক্তরাষ্ট্রের মাইকেল আসার মেরিট, টার্কনিস কেভিন স্টামপেল, জ্যাকহেরি স্কট স্টিবসন, কেনেথ জেমস, অ্যাসলি মেরি, নিকোলাস বেঞ্জামিন, মার্ক ব্রাউন এবং ফারদিন মজুমদার। এছাড়া বাংলাদেশের সন্ধীপ সোলাঙ্কি, তামিম রেজা এবং ভারতের শাহীন সাদিকও প্রতিনিধি দলটির সঙ্গে রয়েছেন।
বিদেশি সংস্কৃতি সম্পর্কে জানতে মিশিগান-ফ্লিন্ট ইউনিভার্সিুিটর ৬টি প্রতিনিধি দল বিভিন্ন দেশ সফরে বের হয়েছে। তারই অংশ হিসেবে ১২ সদস্যের এই দলটি বাংলাদেশে এসেছে। ৩ আগস্ট তারা বাংলাদেশে এসেছে এবং আজ ১১ আগস্ট মঙ্গলবার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। এই সফরে দলটি সাভার স্মৃতি সৌধ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, লালবাগ কেল্লা, সাভার ইপিজেট এলাকা পরিদর্শন করেছেন। বাংলাদেশ ক্রিকেট প্রিয় জাতি এটা শোনার পর দলটি ক্রিকেটের একটি প্রীতি ম্যাচও খেলেছেন।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক মলয় পাঁড়ে, যুগ্ম বার্তা সম্পাদক সাজ্জাদ হোসেন, অশোক কুমার সিংহ, বিশেষ প্রতিনিধি মাঈনুল আলম প্রমুখ।