আরো আগে সাঙ্গাকারার অবসর নেয়া উচিত ছিল : রানাতুঙ্গা

ভারতের বিপক্ষে আসন্ন তিন টেস্ট সিরিজে প্রথম দুই টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে যাচ্ছেন শ্রীলংকান ব্যাটিং গ্রেট কুমার সাঙ্গাকারা। তাই দ্বীপ রাষ্ট্রটিসহ পুরো ক্রিকেট বিশ্বই হয়তোবা নস্টালজিয়ায় ভুগছেন। তবে শ্রীলংকার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার মতে আরো আগেই সাঙ্গাকারার অবসর নেয়া উচিত ছিল।

শ্রীলংকা ক্রিকেটে সাঙ্গাকারার অবদানের ভুয়সী প্রশংসা করেন রানাতুঙ্গা। তবে পূর্ব পরিকল্পনামত বিশ্বকাপ শেষেই অবসর না নিয়ে এত দিন পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ায় সাঙ্গার সমালোচনা করেন রানাতুঙ্গা। অনেকেই লংকান দলটির ভবিষ্যত নিয়ে চিন্তিত। কিন্তু ৪৬ বছর বয়সী রানাতুঙ্গার বিশ্বাস প্রকৃতপক্ষে অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজের উপড়ই তার দল নিয়ে ভাবনাটা ছেড়ে দেয়া উচিত।

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকার কারণে আসন্ন ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের কর্মকান্ড প্রত্যক্ষভাবে দেখভাল করতে না পারলেও সব খবরাখবর রাখা রানাতুঙ্গা বলেন, ‘দীর্ঘ দিন যাবত সে শ্রীলংকা ক্রিকেটকে অসাধারণ সেবা দিয়ে আসছে। সময় এলে সকলকেই যেতে হয়।’ ‘আমি নিশ্চিত যে সে হয়তোবা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তবে আমি মনে করি যখন সে সিদ্ধান্তটা নিয়েছিল তখনই কার্যকর করা উচিত ছিল এবং এখন পর্যন্ত অপেক্ষা না করলেও পারত।’

সাঙ্গাকারার ভারত সিরিজে প্রথম দুই টেস্ট খেলার সিদ্ধান্তেও খুশি নন রানাতুঙ্গা। তিনি বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে আমি তাকে শ্রদ্ধা করি, শ্রীলংকা ক্রিকেটের জন্য সে অনেক কিছু করেছে। তবে কেবলমাত্র দুই টেস্টে খেললেও শেষ ম্যাচ না খেলার সাঙ্গার সিদ্ধান্তের সঙ্গে আমি একমত নই। সে যদি খেলতেই চায় তবে তরুণ খেলোয়াড়দের বিঘœ সৃস্টি না করে তার পুরো সিরিজই খেলা উচিত ছিল’

অবসরের পথে থাকলেও কখনোই খেলা থেকে মনোযোগ অন্যত্র নেয়া উচিত নয় মনে করা রানাতুঙ্গা বলেন, ‘এটা শ্রীলংকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিরিজ। আমরা যেমন একটা দল গঠনের প্রক্রিয়ায় আছি, তেমনি ভারতও। আমি যখন অবসর নিয়েছিলাম, আমি কখনোই বিদায় সম্বর্ধনা চাইনি। এটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল। তবে টেস্ট সিরিজের প্রথম দিনই আমি অবসরের ঘোষণা দিয়েছিলাম।’

মাহেলা জয়াবর্ধনে, সাঙ্গাকারা এবং তিলকরত্নে দিলশানের বিদায় কেবলমাত্র অধিনায়ক ম্যাথুজ এবং তরুণ খেলোয়াড়দের জন্য সহায়ক হবে। তিনি বলেন, ‘আমাদের মেধাবী অনেক তরুন খেলোয়াড় বেড়িয়ে আসছে। সাঙ্গা, মাহেলা এবং দিলশানের চেয়ে অনেক ভাল অধিনায়ক হবে ম্যাথুজ। অধিনায়ক হিসেবে তাকে আমি খুব বেশি দেখিনি। তবে কিছু বিষয় সে যেভাবে পরিচালনা করেছে তাতে তার (ম্যাথুজ) উপড় আমার অনেক শ্রদ্ধা বেড়ে গেছে। আমাদের যে পরিমাণ মেধাবী ক্রিকেটার আছে তাতে আর একটা বিশ্বকাপ জয় করাটা কঠিন হবে না।’