১৪ মার্চ ঢাকায় শুরু হচ্ছে তিনদিনের মোটর শো

ইত্তেফাক রিপোর্ট

আগামী ১৪ মার্চ থেকে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শুরু হচ্ছে তিন দিনব্যাপী মোটর গাড়ি, মোটর বাইক ও এ জাতীয় গাড়ির যন্ত্রাংশের প্রদর্শনী। সেম্স গ্লোবালের আয়োজনে ‘১৪তম ঢাকা মোটর শো’ ‘৫ম ঢাকা বাইক শো’ ‘চতুর্থ ঢাকা অটোপার্টস শো’ এবং ‘তৃতীয় ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’ নামে এসব প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। গতকাল মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেম্স গ্লোবাল ইউএসএ ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রেসিডেন্ট ও গ্রুপ সিইও মেহেরুন এন ইসলাম। তিনি বলেন, প্রদর্শনীটি মোটর ইন্ডাস্ট্রির জন্য একটি ওয়ান স্টপ প্লাটফর্ম হিসেবে কাজ করবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের প্রদর্শনীতে নতুন ব্র্যান্ডের মোটর বাইক, স্কুটার এবং নতুন গাড়ি, স্পোর্টস ইউটিলিটি যানবাহন, মাল্টি ইউটিলিটি যানবাহন, বাণিজ্যিক যানবাহন, বাস, ট্রাক, থ্রি হুইলার, বিকল্প শক্তি চালিত যানবাহনের প্রদর্শনী করা হবে। এছাড়া প্রদর্শনীতে অটোমোবাইলের যন্ত্রাংশ, গ্যারেজ ও গ্যারেজ সরঞ্জাম, আনুষঙ্গিক, বীমা পণ্য ও পরিসেবা, অটো ফাইন্যান্স এন্ড লিজিং, অটো ইন্ডাস্ট্রি, আইটি ও লুব্রিকেন্টস, সিএনজি কিট, টায়ার ও হুইল, ডিজাইন ধারণা, অটো ইলেকট্রনিক্স, কোট বিল্ডার বা ডিজাইন যানবাহনও থাকবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএফএল মোটরসের এমডি রিয়াদ হাসনাইন, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের সহকারী মহা-ব্যবস্থাপক ফাইয়াজ এইচ চৌধুরী, র্যানকন মোটরবাইকস লিমিটেডের (সুজুকি) হেড অব সেল্স তৌহিদুর রহমান, সেম্স বাংলাদেশের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম ও বিপণন বিভাগের প্রধান নয়ন শরীফ প্রমুখ।