ছাত্র ও যুব সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে: আশরাফ

 
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘দেশকে এগিয়ে নিতে ছাত্র ও যুবসমাজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়ে তুলতে হবে।’
 
সোমবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘এখন দেশের সাধারণ মানুষ ছাত্রসমাজকে বিশ্বাস করে কিনা সেটার উত্তর আমার জানা নেই। কিন্তু তত্কালীন সময়ে ছাত্রদের কথার মানুষ প্রচুর দাম দিত। তাদের কথা বিশ্বাস করতো। আমরা যখন ছাত্র ছিলাম, তখন সাধারণ মানুষ ছাত্রদের মনে করত দেবতা। কিন্তু দুঃখের বিষয় সেই আস্থা ও বিশ্বাস এখন যেকোন কারণবশত সাধারণ মানুষের মধ্যে নেই। সেটারও উত্তর আমার জানা নেই।’
 
বর্তমান ছাত্র নেতৃত্বের প্রতি জনগণের আস্থার সংকট আছে উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সৈয়দ আশরাফ বলেন, ‘এখন আমাদের ছাত্র  ও যুবসমাজকে নতুনভাবে গড়ে তুলতে হবে। তাদেরকে গঠনমূলক কাজে লাগাতে হবে।’