জেনিফার লোপেজ-ক্যাসপার স্মার্ট গুঞ্জনটি খুব পুরোনো লোপেজ ভক্তদের জন্য। মার্কিন গায়ক ও অভিনেতা মার্ক অ্যান্থনির সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার পর ২০১১ সালের অক্টোবরে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ক্যাসপার স্মার্টকে নতুন সঙ্গী নির্বাচন করেছিলেন জেনিফার লোপেজ। কিন্তু দুই বছরের মাথায় তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
তবে সম্প্রতি এ জুটিকে একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের পুনর্মিলনের খবর আবারও চাউর হয়েছে। ‘আমেরিকান আইডল’ সঙ্গীত প্রতিযোগিতার ১৪তম মৌসুমের দৃশ্যধারণ চলাকালে মঞ্চের অন্তরালে তাদের চুম্বনরত অবস্থায়ও দেখা গেছে তাদের। এমনকি কাজ শেষে ২৭ বছর বয়সী নৃত্য পরিচালক ক্যাসপারের সঙ্গে সাদারঙা একটি গাড়িতে চড়ে বিদায় নেন তিনি। এ সময় স্বর্ণকেশী ৪৫ বছর বয়সী এই পুয়ের্তোরিকান গায়িকা-অভিনেত্রীকে অসাধারণ লাগছিল দেখতে।