জঙ্গি হামলার আশঙ্কায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। আগামি ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। তার প্রাক্কালে আইএস বা জামাতুল ইসলাম মুজাহিদিন জঙ্গিরা রাজ্যে হামলা চালাতে পারে এমন আশঙ্কা করছে পশ্চিমবঙ্গের গোয়েন্দা দপ্তর। সমপ্রতি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ৬১ টন বিস্ফোরক আটক করা হয়। তারপরই এ আশংকার কথা প্রকাশ করা হয়।
রাজ্য গোয়েন্দা সূত্রে জানা যায়, মাওবাদীদের পক্ষ থেকে বড় ধরনের প্রত্যাঘাতের আশঙ্কা রয়েছে। কেন্দ্রীয় সরকারকে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি জঙ্গলমহল এলাকায় সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে। আইএস, হুজি, জামাতুল ইসলাম মুজাহিদিনের মত জঙ্গি সংগঠনও হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত কয়েকদিন আগেই কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর স্বাধীনতা দিবসের প্রাক্কালে কলকাতাসহ কয়েকটি মহানগরকে সতর্কবার্তা পাঠিয়েছে। ইয়াকুব মেমনের ফাঁসির পর টাইগার মেমনের হুমকির প্রেক্ষিতেই এই সতর্কবার্তা। ইতিমধ্যে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ নিরাপত্তার জন্য সব ব্যবস্থা নিয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবন, মেট্রো রেল, হাওড়া ও শিয়ালদা স্টেশন ছাড়াও বাজার, শপিং মলগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। গতকালই নানা জায়গায় তল্লাশি শুরু হয়েছে। রাস্তায় গাড়ি, ট্রাক থামিয়ে তল্লাশি চলছে। সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু দেখলে স্থানীয় থানায় জানাতে অনুরোধ করা হয়েছে রাজ্য ও কলকাতা পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি কলকাতাসহ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন করা হয়েছে গোয়েন্দা পুলিশ। বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রচুর পর্যটক ভারতে আসেন। পর্যটক সেজে যাতে জঙ্গিরা সেদেশে ঢুকতে না পারে, সেজন্য সেখানেও কড়া নজরদারি চালানো হচ্ছে।