চট্টগ্রামে আজ থেকে শুরু হচ্ছে বাণিজ্যমেলা

চট্টগ্রাম অফিস

নগরীর পলোগ্রাউন্ড ময়দানে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ২৭তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) ২০১৯ আজ বুধবার থেকে শুরু হচ্ছে। আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে আজ বুধবার বিকাল ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম চেম্বারের বঙ্গবন্ধু হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলা কমিটির চেয়ারম্যান ও চেম্বারের ভাইস চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফ।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, থাইল্যান্ড পার্টনার কান্ট্রি হিসেবে এবারের মেলায় থাকছে। তবে ভারতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একটি বড় অংশগ্রহণ থাকবে এই মেলায়। মেলায় কলাপাতা থেকে ফাইবার তৈরির প্রক্রিয়া প্রদর্শন করা হবে।

মেলায় ২২টি প্রিমিয়ার গোল্ড প্যাভিলিয়ন, ২টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ১৮০টি প্রিমিয়ার মেগা স্টল, ১০টি প্রিমিয়ার গোল্ড স্টল, ৬টি স্ট্যান্ডার্ড স্টল, ২টি রেস্টুরেন্ট, ৫টি জোনে ৪৫০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। জনপ্রতি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ টাকা। ই-টিকিটিং ও এসএমএস-এর মাধ্যমেও টিকিট কেনা যাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।