চীনে যৌন আবেদনময়, সহিংসতা ও আইন ভাঙার প্ররোচনার অভিযোগে ইন্টারনেট থেকে ১২০টি গান তুলে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। গানগুলোর মধ্যে রয়েছে, ‘ডোন্ট ওয়ান্ট টু গো টু স্কুল’ ও ‘অল মাস্ট ডাই’।
সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সোমবার বলা হয়েছে, এসব গান অশ্লীলতা, সহিংসতা, অপরাধ বা সামাজিক নৈতিকতার জন্য ক্ষতিকর হওয়ায় কোনো ব্যক্তি বা সংগঠন গানগুলো বাজাতে পারবে না।
বিবৃতিতে বলা হয়েছে, কালো তালিকাভুক্ত বেশিরভাগ গান অজ্ঞাতপরিচয় শিল্লী বা ব্যান্ডের গাওয়া। তবে বিবৃতিতে ‘নো মানি নো ফ্রেন্ড’ ও ‘সুইসাইড ডায়েরি’সহ নিষিদ্ধ গানগুলোর টাইটেল উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে ইন্টারনেট সংস্থাগুলোর স্বনিয়ন্ত্রণের জন্য টার্গেট নির্ধারণ করে দেয়া হয়েছে। মন্ত্রণালয় বলেছে, মিউজিক কোম্পানিগুলোকে তাদের পণ্য যথাযথভাবে সরিয়ে নেয়া উচিত, তাদের সেবার ব্যাপারে আরো সচেতন ও মানোন্নয়ন করা দরকার।
মন্ত্রণালয়ের নির্দেশনা কেউ অমান্য করলে আইন অনুযায়ী তাকে কঠোর শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারও করা হয়েছে। চীনের কম্যুনিস্ট পার্টি বিভিন্ন সময় ইন্টারনেটের বিভিন্ন সাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পর্নোগ্রাফি, সহিংস ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিভিন্ন লেখাও অনেক সময় মুছে দেয়া হয়েছে।
দেশটিতে ইউটিউব, ফেসবুক ও টুইটারের মতো জনপ্রিয় সামাজিক সাইটগুলোতে ঢোকা যায় না ।
নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্লুমবার্গের মতো বিভিন্ন পশ্চিমা সংবাদ মাধ্যম অতীতে চীনের বিরুদ্ধে দেশটি থেকে তাদের ওয়েবসাইটে না ঢুকতে পারার অভিযোগ করেছে।
খবর বাসসের।