ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নীলকে হত্যার দুই আলামত সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে। অপর দিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। পাশাপাশি হত্যার দায় স্বীকার করে আল-কায়দার ভারতীয় উপমহাদেশের (এআইকিউএস) নামে পাঠানো ইমেল প্রেরণকারীকে গ্রেফতারে অভিযান শুরু করেছে র্যাব ও পুলিশ। পুলিশ নিশ্চিত ঘটনার দিন ইমেলটি চট্টগ্রাম থেকে পাঠানো হয়েছিল।
মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পূর্ব) মাহবুব আলম বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ঘাতকদের ফেলে যাওয়া রক্তমাখা টিশার্ট ও রক্তমাখা একটি গামছা ডিএনএ পরীক্ষার জন্য সিআইডির ল্যাবে পাঠানো হয়েছে।
মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে এ গোয়েন্দা কর্মকর্তা বলেন, তদন্ত চলছে। বলার মতো কোন অগ্রগতি নেই। ঘাতকদের শনাক্ত ও তাদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।
হত্যার দায় স্বীকার করে পাঠানো ইমেল সম্পর্কে তিনি বলেন, ইমেলটি প্রেরককে গ্রেফাতারে পুলিশের পাশাপাশি র্যাবও কাজ করছে।
শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের পূর্ব গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ।