মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় আদান-প্রদান হওয়া ই-মেইলের অনুলিপি দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) কাছে হস্তান্তর করেছেন হিলারি ক্লিনটন। মঙ্গলবার গণমাধ্যমে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ব্যক্তিগতভাবে ব্যবহার করা ই-মেইল সার্ভারও হস্তান্তর করতে কর্মচারীদের নির্দেশ দিয়েছেন হিলারি।
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার করার কারণে হিলারি সমালোচিত হয়েছেন। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সম্প্রতি তার ব্যক্তিগত ইমেইলে কি তথ্য আদান-প্রদান হয়েছে তা খতিয়ে দেখছে।
হিলারির এসব ই-মেইল পর্যালোচনার পর তা প্রকাশ করার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। খবর: এএফপি।