সাভার উপজেলার আশুলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ৫ বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে আশুলিয়া থানাধীন গোয়াইলবাড়ীর মেশিনপাড় এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ অভিযুক্ততে আটক করেছে। আটককৃতরা হলো-মোঃ জাফর কাজী, মোঃ নাজমুল হোসেন, শহিদুল ইসলাম, রহম আলী, আমির হোসেন। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোয়াইলবাড়ীর মেশিনপাড় এলাকার এক গৃহবধূকে চাকরির প্রলোভন দেখিয়ে ৭ জন বখাটে পালাক্রমে ধর্ষণ করেছে বলে ধর্ষিতা অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে। বাকি দুই জনকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।