ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে পৌনে সাত হাজার মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। গত সোমবার ভোর থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত ডিএমপির সবক’টি থানা এলাকায় এ অভিযান চালানো হয়। এ অভিযানে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৩৬ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে অভিযানকালে ৩৭টি গাড়ি ডাম্পিং ও ৮৯২টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, দায়েরকৃত ৬৭৫৬টি মামলার মধ্যে রয়েছে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৯৯১টি গাড়ির বিরুদ্ধে, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১২৮টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৬টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৪টি গাড়ির বিরুদ্ধে, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২৫১৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৩৭টি মোটরসাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৬৬টি ভিডিও মামলা দেওয়া হয়।