শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে রেজিস্ট্রেশন ম্যানুয়েল-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, সামিউল হত্যার বিচারে আলাদা ট্রাইব্যুনালের প্রয়োজন নেই। দেশে যে শিশু ও নারী নির্যাতন ট্রাইব্যুনাল রয়েছে সেই আদালতেই এই বিচার করা হবে। এই হত্যা মামলার অন্যতম আসামি কামরুলকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন, কামরুল পলাতক থাকলেও বিচার প্রক্রিয়া শুরু করতে আইনত কোনো বাধা নেই।
এর আগে আইনমন্ত্রী হালনাগাদ রেজিস্ট্রেশন ম্যানুয়ালের মোড়ক উন্মোচন করেন। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক এবং রেজিস্ট্রেশন পরিদপ্তরের মহাপরিদর্শক খান মোঃ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মাহফুজুর রহমান খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। আইনমন্ত্রী বলেন, হালনাগাদ রেজিস্ট্রেশন ম্যানুয়ালে আইন-কানুন ও বিধি-বিধান একসাথে সন্নিবেশিত থাকায় এটি রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তাদের কাজের জন্য খুবই সহায়ক হবে। তারা এটিকে অনুসরণ করে কাজ করলে উপকারভোগী সাধারণ মানুষের ভোগান্তি বহুলাংশে দূর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে ম্যানুয়ালটির বিষয়াদি অনুধাবন করে এটি যথাযথ ব্যবহারে উদ্বুদ্ধ হন সে লক্ষ্যে তাদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হবে বলেও মন্ত্রী জানান।