বিএনপি নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে কেন পালাল তা এখনো রহস্যাবৃত ---------মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে বিএনপি কেন মাঠ থেকে পালিয়ে গিয়েছিল তা এখনো রহস্যাবৃত। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসিম আরো বলেন, ড. কামাল হোসেনের সঙ্গে জোট করাসহ সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে তারা কী কারণে মাঠ ছেড়ে পালাল? মাঠ থেকে পালিয়ে আবার বললো মাঠে থাকতে দেওয়া হয়নি। তবে তাদের এই অযৌক্তিক বক্তব্য জনগণ বিশ্বাস করেনি। নাসিম বলেন, প্রেসক্লাবে বক্তব্য প্রদান ও পার্টি অফিস থেকে প্রেস বিজ্ঞপ্তিতে দিয়ে বিএনপিকে বাঁচানো যাবে না। এখন তাদের সামনে একটা পথ আছে। তাহলো সংসদে এসে কথা বলা। সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়া। আমরা চাই বিরোধী দল শক্তিশালী হোক। তারা সংসদে আসুক। বিরোধী দলবিহীন রাজনীতি আওয়ামী লীগ চায় না। খালেদা জিয়া কারাগারে। এক্ষেত্রে আমাদের কিছু করার নেই। দুঃশাসনের ফল ভোগ করছেন তিনি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আয়োজক সংগঠনের নেতা অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন। পরে সিঙ্গাপুরে চিকিত্সাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।