ঘিওরে তারেক মাসুদ-মিশুক মুনীরের মৃত্যুবার্ষিকী পালিত

মানিকগঞ্জের ঘিওরে নানা আয়োজনে পালিত হয়েছে দেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চ্যানেল এটিএন নিউজ এর সাবেক নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মিশুক মুনীরের ৪র্থ মৃত্যুবার্ষিকী।
 
বৃহস্পতিবার ঢাকা আরিচা মহাসড়কের দুর্ঘটনাস্থল ঘিওরের জোকা এলাকায় স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুরু হয়। এসময় মানিকগঞ্জ প্রেস ক্লাব, তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট, মানিকগঞ্জ সাংবাদিক সমিতি, বারাঠা উত্তরণ সংঘ, ব্র্যাক, প্রথম আলো বন্ধু সভা, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। 
 
এদিকে স্থানীয় বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। মানববন্ধন শেষে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের আহ্বায়ক ইকবাল হোসেন কচির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছানোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্ত্তী বিপ্লব, কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শামসুল আলম খান, বারাঠা উত্তরণের সাধারণ সম্পাদক সাংবাদিক রিপন আনসারী,  ব্র্যাকের জেলা প্রতিনিধি আবু জাফর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গিনি আলম প্রমুখ। 
 
মানববন্ধনে তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতিচারণে স্মৃতিফলক ও নিরাপদ সড়কের দাবি জানানো হয়।
 
উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট  কাগজের ফুল চলচ্চিত্রের শুটিং লোকেশন দেখতে তারেক মাসুদ ও মিশুক মুনীর সহকর্মীদের নিয়ে মানিকগঞ্জের শিবালয়ে উপজেলার বিভিন্ন স্পট দেখে ঢাকায় ফেরার পথে জোকা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।