শেরপুরে রেহেনা নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল আটটার দিকে সদর উপজেলার সাংকিভাঙা গ্রামের অলরাউন্ডার স্কুল মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
রেহেনা একই উপজেলার তাওয়াকুচি গ্রামের মৌলভী আব্দুল মান্নানের মেয়ে ও নালিতাবাড়ী উপজেলার বালুঘাটা ঘুনাপাড়া গ্রামের মঞ্জুরুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রেহেনার সাথে শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলায় তিনি বাবার বাড়িতে এসে থাকছিলেন। বুধবার রাতে তিনি মায়ের পাশের ঘরে ঘুমান। ভোরে রেহামার মা ডাকার পরও সাড়া না পেয়ে ঘরে ঢোকেন। সেখানে তাকে না পেয়ে বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পর স্কুলমাঠে রেহেনার মৃতদেহের সন্ধান পান।
সদর থানার এসআই শফিক বলেন, মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।