লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেইর জীবন বেশ উপভোগ করছেন এবং এই ক্লাব ছাড়ার কোনো ইচ্ছাই নেই বলে ইঙ্গিত দিয়েছেন তারকা ফরোয়ার্ড জ্লাটান ইব্রাহিমোভিচ।
গত মৌসুমের শেষে ৩৩ বছর বয়সী ইব্রাহিমোভিচকে দলে পেতে অনেকগুলো ক্লাব আগ্রহ প্রকাশ করেছিল। এর মধ্যে এসি মিলান এবং এমএলএস সবচেয়ে বেশী এগিয়ে ছিল। কিন্তু সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে সুইডিশ অধিনায়ক বলেছেন, পার্ক ডে প্রিন্সেসের জীবনের সাথে তিনি দারুণভাবে মানিয়ে নিয়েছেন। ২০১৬ সালের মাঝামাঝিতে তার সাথে পিএসজির চুক্তি শেষ হওয়ার কথা রয়েছে।
ক্লাব ছাড়া প্রসঙ্গে ইব্রা বলেছেন, আমি দারুণ খুশী। যেখানে আমি আছি সেটা নিয়ে আমি খুশী। পিএসজির সাথে আরেকটি বছর খেলার সুযোগ রয়েছে। ক্লাবটি ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। এখানে অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছে। পিএসজিকে নিয়ে আমার অনেক বড় লক্ষ্য রয়েছে। এখানে নিজের সেরাটা দিতে চাই।
গত মৌসুমে পিএসজি চারটি শিরোপা লাভ করেছে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ে শুধুমাত্র চ্যাম্পিয়নস লিগের শিরোপা হাতছাড়া হয়ে গেছে। এবারের মৌসুমে লরেন্ট ব্ল্যাঙ্কের দল ইউরোপিয়ান শিরোপার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বলে দাবী করেছেন ইব্রাহিমোভিচ। তার মতে চ্যাম্পিয়নস লিগে ভাল করার সব সম্ভাবনাই পিএসজির রয়েছে। তবে বিষয়টা বেশ কঠিন। অন্য দলগুলোর মতই পিএসজিকেও সেখানে কঠিন সময় পার করেই সামনে এগিয়ে যেতে হবে।
খবর বাসসের।