তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু বলেছেন, ‘সিরিয়ায় আইএস এবং সরকারি বাহিনীর হামলা থেকে বাঁচতে পালাতে থাকা বেসামরিক মানুষদের জন্য দেশটির উত্তরাঞ্চলে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন) করা প্রয়োজন এবং তুরস্ক সে চেষ্টা চালিয়ে যাবে।’ বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
বিবিসিকে দেয়া সাক্ষাত্কারে দাভুতোগলু সিরিয়ায় চার বছরের গৃহযুদ্ধ অবসানে আরো বেশি কিছু করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান। সিরিয়ায় সংঘাত বন্ধে কঠিন সিদ্ধান্ত নেয়ায় ব্যর্থতার জন্য তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্যের সমালোচনা করেন।
দাভুতোগলু আইএস ও অন্যান্য চরমপন্থি দলকে তুরস্কের সুরক্ষা দেয়ার অভিযোগও অস্বীকার করেন। সিরিয়ায় সংঘাতের ফলে উদ্বাস্তু মানুষদের জন্য নিরাপদ এলাকা প্রতিষ্ঠায় আহমেত দাভুতগলু যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করে যাবেন বলে জানান। তবে এলাকাটি সুরক্ষার জন্য তুর্কি সেনা পাঠানোর সম্ভাবনাও নাকচ করেননি তিনি। অন্য যে কোনো দেশের তুলনায় তুরস্কেই সিরীয় শরণার্থীর সংখ্যা বেশি। জাতিসংঘের সাম্প্রতিক হিসাবমতে, তুরস্কে আছে ১৮ লাখ সিরীয় শরণার্থী।