জেলার আড়াইহাজার উপজেলায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে ভাঙন দেখা দেওয়া কয়েকটি গ্রামের লোকজন ওই ড্রেজারে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। এ সময় ড্রেজার নিয়ন্ত্রণকারীরা বাধা দিলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দুপুরে একটার দিকে উপজেলার কমলাপুর, নয়াপাড়া, ঝাউকান্দি, মধ্যেরচরসহ কয়েকটি গ্রামের কয়েক শ লোক লাঠিসোঁটা নিয়ে ওই ড্রেজারে অগ্নিসংযোগ করে ও ভাঙচুর চালায়। এ সময় ড্রেজার পরিচালনাকারী লোকদের সঙ্গে
গ্রামবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়ায় আজগর আলী, জামাল, মাইনউদ্দিন, শাহ পরান ও রাসেলসহ ১০ জন আহত হন।
গ্রামবাসীর অভিযোগ, বালু উত্তোলন করলে অনেক গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে।
জানা গেছে, কান্দাপাড়া চর লক্ষ্মীপর এলাকাতে মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন ও তার লোকজন। এ নিয়ে এলাকার লোকজন আগে কয়েকবার বাধাও দিলেও তাতে কান দেয়নি ড্রেজার পরিচালনাকারীরা।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।