পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় পিআইও নিহত

জেলা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইউনুস আলী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় একই অফিসের অফিস সহকারী বিজয় বাবু গুরুতর আহত হয়েছেন।
 
বৃহস্পতিবার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের প্রধান ডাকঘরের সামনে এ হতাহতের ঘটনা ঘটে। ইউনুস আলী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেরাই গ্রামের বাসিন্দা।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দুইটার দিকে মো. ইউনুস আলী অফিস সহকারী বিজয় বাবুকে নিয়ে দুপুরের খাওয়া শেষে মোটরসাইকেলে করে অফিসে ফিরছিলেন। এ সময় তেঁতুলিয়াগামী একটি ট্রাক পিছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইউনুস আলী মারা যান ও অফিস সহকারী বিজয় বাবু গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মমিন বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।